ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এলাকায় উপবৃত্তির প্রলোভন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রঞ্জু মিয়া নামে এক মাদরাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৌরশহরের পান্থাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুহাম্মাদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোবিন্দগঞ্জ থানা।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী প্রায় চার মাস আগে অভিযুক্তের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া পরিবারের খোঁজখবর নেওয়ার অজুহাতে ছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর সকালে অধ্যক্ষ ফোন করে জানান যে উপবৃত্তির ফরমে জরুরি স্বাক্ষরের জন্য তাকে গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্থাপাড়ায় তার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় বিশ্বাস করে ছাত্রীটি বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যান।
সেখানে বাসায় অন্য কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ একটি কক্ষে তাকে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি গোপনে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেইল করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের বক্তব্য, অভিযোগ দায়েরের পর শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসি মুহাম্মাদ মোজাম্মেল হক জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।