রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর তুলসিরডাঙ্গা এলাকায় নাসিমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ৫৩ বছর বয়সী এই নারী।
শনিবার (১৮ অক্টোবর) সকালে স্থানীয়দের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত নাসিমা বেগম উপজেলার এনায়েতপুর সরকারপাড়ার মৃত বাবলু মিয়ার স্ত্রী। নিখোঁজ হওয়ার পর তাঁর ছেলে নাজমুল হাসান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম নাসিমা বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুরতহাল আর পরিবারের বর্ণনায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি হত্যাকাণ্ড নয়, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।