ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধানের সদর দপ্তরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।
সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাতে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানায়, ইসরায়েলের ‘শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী স্থাপনা’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে এটিকে “ইহুদিবাদী সরকারের অপরাধের জবাব” হিসেবে উল্লেখ করা হয়।
আইআরজিসি দাবি করেছে, হামলায় তাদের নিজস্ব উৎপাদিত ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম বলে দাবি করে থাকে তেহরান।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, হামলার তীব্রতায় তেল আবিব ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি।
ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল—যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।