রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (৩ মার্চ) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী দেশের সব কর্মকর্তা-কর্মচারীর যথাসময়ে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে পূর্বেও একাধিক নির্দেশনা পাঠানো হয়।
তবে গত রোববার (১ মার্চ) বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের একটি প্রতিবেদনে দেখা যায়—
সকাল ৯টা ৪০ মিনিটেও রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন।
যা বিদ্যমান উপস্থিতি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ে অফিসে না এসে বিনা অনুমতিতে দেরিতে উপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে
সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯-এর বিধি ৫ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া গৃহীত ব্যবস্থা দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর মাত্র একদিন আগে, সোমবার (২ মার্চ) সব সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন একটি পরিপত্র জারি করে।