সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএফআইইউর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাব সংক্রান্ত সব তথ্য নথিভুক্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে ইউনিটে পাঠাতে হবে।
ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি নেতৃত্বদানকারী সমন্বয়কদের একজন ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ। পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। সে সময় ঢাকা-১০ আসন থেকে তার প্রার্থী হওয়ার আলোচনা ছিল।
যদিও পরে তিনি সরাসরি নির্বাচনে অংশ না নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন।