ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ এসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় মোজতবাকে বেছে নিয়েছে। এ সিদ্ধান্তে দেশটির বিপ্লবী গার্ডের প্রভাব ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদ শহরে দাফন করা হবে বলে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ।
মাশহাদ ইরানের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচিত। এখানেই অবস্থিত ইমাম রেজা (আ.)–এর মাজার, যা দেশটির শিয়া মুসলমানদের কাছে বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শনিবার সকালে তাকে লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
খামেনির জন্মও মাশহাদ শহরেই। জানা গেছে, মৃত্যুর আগে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজার এলাকায় সমাহিত করা হয়। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, ফার্স নিউজ।