জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকে দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, “এর মাধ্যমে দেশের মানুষ হারানো ভোটাধিকার ফিরে পাবে।”
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলি মেডিকেল মোড় এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুর্শা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মোহছেনুল হক প্রামানিক।
বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “প্রতিবেশী ভারত পদ্মায় ফারাক্কা বাঁধ এবং তিস্তায় গজলডোবা বাঁধ দিয়ে আমাদের অঞ্চলকে পানি শূন্য মরুভূমিতে পরিণত করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বেআইনি। আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।”
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “অনেক দলকে সুযোগ দিয়েছেন, এবার জামায়াতে ইসলামীকে সুযোগ দিন। জনগণের আমানতের খেয়ানত হবে না; কল্যাণের জন্য সেই আমানত ব্যবহার করব, ইনশাআল্লাহ।”
জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বহু আলেম, যুবক, নারী-শিশুকে হত্যা ও গুম করেছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজ জুলুমমুক্ত হয়েছে। আগামী নির্বাচনে ন্যায় ও শান্তির সমাজ গড়তে ইসলামী শক্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এর আগে বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর মাদরাসা মাঠে জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার মহিলাদের উদ্যোগে আয়োজিত পৃথক সভায়ও বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম।
দুটি সভাতেই উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, কুর্শা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আল-আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।