ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে দুই নেতার মধ্যে একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর প্রতি বাংলাদেশের গভীর সংহতি প্রকাশ করেন। জবাবে ইউএই প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং উদ্বেগ প্রকাশের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় ইউএইর আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের বিভিন্ন সহযোগিতা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি জানান।
প্রেস সচিব জানান, আঞ্চলিক সংঘাত যেন আরও বিস্তৃত না হয় এবং এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর সম্ভাব্য মারাত্মক প্রভাব মোকাবিলায় সামরিক উত্তেজনা দ্রুত প্রশমনের ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।
এছাড়া বিদ্যমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন তারা।
সূত্র: বাসস