সৌদি আরবে ইরানের ছোড়া একটি মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয়সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের সবাই বাংলাদেশি নাগরিক।
রোববার (৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স সৌদি আরবের সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, সৌদি আরবের আল-কারজ শহরে একটি আবাসিক এলাকায় মিসাইলটি আঘাত হানে। এতে একটি মেইনটেন্যান্স ও ক্লিনিং কোম্পানির ভবন ক্ষতিগ্রস্ত হয়।
সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক। এছাড়া আহত হওয়া ১২ জনই বাংলাদেশি।
হামলার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স