রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৪ হাজার সদস্যের যৌথবাহিনীর চিরুনি অভিযান

  • সবশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের আস্তানা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। সোমবার (৯ মার্চ) সকাল থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।প্রশাসনিকভাবে সীতাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত হলেও জঙ্গল সলিমপুরে প্রবেশের প্রধান পথ চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি দখল করে পাহাড় কেটে গড়ে ওঠা এ অঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

অভিযান শুরুর পর থেকেই যৌথবাহিনী এলাকাটির চারপাশ ঘিরে ফেলেছে। প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে কড়া তল্লাশিচৌকি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অতীতে একাধিকবার অভিযানে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে তাদের। তাই এবার ভিন্ন কৌশলে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত ১৯ জানুয়ারি অভিযানের সময় সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিন বাহিনীর হামলায় র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনায় চারজন র‍্যাব সদস্যকে অপহরণ করা হলেও পরে তাদের উদ্ধার করা হয়।

এ ছাড়া গত বছরের ৪ অক্টোবর ইয়াসিন ও রোকন বাহিনীর গোলাগুলিতে একজন নিহত হন এবং ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন।

২০২২ সালে জঙ্গল সলিমপুরের খাস জমি দখলমুক্ত করে সেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ ও ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার। তবে স্থানীয় দখলদার ও সন্ত্রাসী গোষ্ঠীর বাধার কারণে বারবার উচ্ছেদ অভিযান ব্যাহত হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, অভিযানে প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছেন। অভিযান শেষে গ্রেপ্তার, উদ্ধার বা অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অভিযান চলাকালে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যৌথবাহিনীর সদস্যরা জঙ্গলজুড়ে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com