আরএনবি ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সরকারি দলের সংসদীয় সভা আহ্বান করা হয়েছে। আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংসদ সচিবালয় জানায়, চিফ হুইপ নূরুল ইসলাম সরকারি দলের সব সংসদ সদস্যকে নির্ধারিত সময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সূত্র জানায়, ১২ মার্চ শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বৈঠকে সরকারের সংসদীয় কৌশল, নতুন সংসদ সদস্যদের দায়িত্ব বণ্টন এবং বিল উত্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হওয়ায় এই বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন সংসদে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করাই হবে এ বৈঠকের অন্যতম উদ্দেশ্য।
সংসদীয় প্রথা অনুযায়ী, অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল নিজেদের কৌশল নির্ধারণে পৃথকভাবে এ ধরনের বৈঠক করে থাকে।















