রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে জাতীয় যুবশক্তির কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশক্তির নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবশক্তির অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে স্টেডিয়ামের প্রবেশ ফটকে অভ্যর্থনার দায়িত্বে ছিলেন মহানগর ছাত্রশক্তির নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, কাউনিয়া ও পীরগাছা এলাকার কয়েকজন যুবশক্তি কর্মী দাওয়াত কার্ড ছাড়া প্রবেশ করতে চাইলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এনসিপির রংপুর মহানগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন অভিযোগ করেন, ওই কর্মীদের ভেতরে প্রবেশ করাতে গেলে ছাত্রশক্তির কয়েকজন নেতা তাকে ধাক্কা দেন এবং পরে যুবশক্তির কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়।
তার অভিযোগ, মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব ফারহান তানভীর ফাহিম, যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয়সহ কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন। হামলায় যুবশক্তির জেলা কমিটির সংগঠক রাশেদুজ্জামান, বদরগঞ্জ উপজেলা সংগঠক আকাশ ইসলামসহ কয়েকজন আহত হন।
পরে ইফতার শেষে যুবশক্তির মহানগর সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকিরের ওপরও হামলার অভিযোগ ওঠে। আহতদের মধ্যে তিনজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ। তিনি বলেন, নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা পরে মীমাংসা করা হয়েছে।
ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব ফারহান তানভীর ফাহিম বলেন, এটি দলীয় অভ্যন্তরীণ বিষয় এবং বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা চলছে।
এ বিষয়ে এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। কেউ অন্যায় করে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।