রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তে আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গুলশানের নিজ বাসভবনেই অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী এবং গুলশানের বাসভবনেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে সপরিবারে বসবাস করছেন প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
এই বাড়িটি একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে বরাদ্দ দেওয়া হয়েছিল। পাশের ‘ফিরোজা’ বাড়িটিতেও তিনি বসবাস করতেন।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার শেষে সেটিকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সে অনুযায়ী ভবনটি প্রস্তুতও করা হয়েছে।
তবে আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় গুলশানের বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।