যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও কঠোর অবস্থান বজায় রেখেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, সমঝোতা হলেও শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের প্রস্তুতি এখনো অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Mehr News Agency-তে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা Ayatollah Mojtaba Khamenei-এর অনুমোদনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।
তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এই সমঝোতা কোনো দুর্বলতার ইঙ্গিত নয়। তাদের ভাষায়, ‘আমাদের আঙুল এখনো ট্রিগারে রয়েছে’—অর্থাৎ শত্রুপক্ষের সামান্য উসকানিতেই পাল্টা জবাব দিতে প্রস্তুত তারা।
বিবৃতিতে আরও বলা হয়, চরম অবিশ্বাসের মধ্যেই পাকিস্তানের রাজধানী Islamabad-এ আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান। এই আলোচনার জন্য প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে, যদিও প্রয়োজন হলে তা বাড়ানো হতে পারে।
ইরান মনে করছে, এই আলোচনা যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই একটি অংশ। তাই সাধারণ জনগণ, রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের এই প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে অভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দিয়ে বলা হয়, এ সময়ে কোনো বিভেদমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। আলোচনার মাধ্যমে যদি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে পরাজিত করা যায়, তবে তা একটি ঐতিহাসিক বিজয় হিসেবে উদ্যাপন করা হবে।
অন্যথায়, দেশের দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।















