বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার এনসিপির বগুড়া জেলা শাখা এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এতে গভীর শোক প্রকাশ করেন জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাত ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
রাফিয়া সুলতানার স্বামী ও দুই কন্যাসন্তান রয়েছে।
রাজনৈতিক জীবনে তিনি সক্রিয় ছিলেন। ২০১৯ সালে University of Dhaka-এর রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়া ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছা এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।