রংপুরে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক এএসআই খুন হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি পারভেজ রহমান পলাশ।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর আসামিকে গ্রেপ্তারের সময় হামলায় নিহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম। এ ঘটনায় পরদিন ২৫ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এএসএম মাহামুদুল করিম লিটন জানান, মামলায় মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই রায়ে সুবিচার হয়নি। তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
তিনি দাবি করেন, আসামিকে ধরতে গিয়ে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে এবং একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরলে আত্মরক্ষার্থে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন তার মক্কেল।