চট্টগ্রাম বন্দরে একসঙ্গে প্রায় ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ ভিড়েছে। বড় এই চালানে ডিজেল ও অকটেন—দুই ধরনের জ্বালানিই রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিকে স্বস্তি দিতে পারে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, চার জাহাজে মোট ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এসেছে।
লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ বর্তমানে বন্দরের আলফা অ্যাংকরে রয়েছে। জাহাজটি থেকে ইতোমধ্যে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে এবং শনিবার (১৮ এপ্রিল) ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে।
বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৭ এপ্রিল জাহাজ চারটি চট্টগ্রামে পৌঁছেছে। চলতি সপ্তাহে আরও কয়েকটি জ্বালানির চালান আসার সম্ভাবনা রয়েছে। এতে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিপিসির তথ্য অনুযায়ী, পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’ এনেছে ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল, কেম্যান আইল্যান্ডের ‘এমটি নেভি সিয়েলো’ এনেছে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এবং চীনের ‘এমটি লিয়ান সং হো’ বহন করে এনেছে ৪১ হাজার ৯০৭ টন ডিজেল।
এই তিনটি জাহাজ বর্তমানে আলফা অ্যাংকরে অবস্থান করছে।
ভেসেল ট্র্যাকিং তথ্য বলছে, ‘এমটি অকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ ১২ এপ্রিল, ‘এমটি নেভি সিয়েলো’ ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং ‘এমটি লিয়ান সং হো’ ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে চট্টগ্রামে পৌঁছায়।