মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

হঠাৎ দাবদাহে ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, হাসপাতালে রোগীর চাপ

  • সবশেষ আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক রোগী ডায়রিয়াজনিত অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিদিনই ডায়রিয়া ও পেটের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে অন্তত ৫৭ জন রোগী ডায়রিয়াজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া পেটব্যথা, বমি, জ্বরসহ অন্যান্য সমস্যায় দেড় শতাধিক রোগী ভর্তি ছিলেন। জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে দেড় হাজারের বেশি রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য। উপজেলার বালিনা এলাকার সাত মাস বয়সী শিশু আয়ান, আড়াই বছরের সামিয়া ও দেড় বছরের মুনতাহা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের স্বজনরা জানান, প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসা নেওয়ার পর তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এছাড়া ৬২ বছর বয়সী ছকিনা বেগমসহ বেশ কয়েকজন বয়স্ক রোগীও ডায়রিয়াজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও তীব্র গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও জানান, দূষিত পানি পান, বাসি বা খোলা খাবার খাওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার কারণেই এ ধরনের রোগ বেশি দেখা দিচ্ছে।

ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার পরিহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কোনো ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগেরও আহ্বান জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা হয়েছে এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com