বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় দুপুরে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, প্রণালিটির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে এবং এখন থেকে পুরো ব্যবস্থাপনা সামরিক বাহিনীর হাতে থাকবে।
এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবানন-এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয় তেহরান। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট অনুসরণ করে জাহাজ চলাচল করতে হবে।
তবে এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান প্রণালি খুলে দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে।
এই অবস্থানে পাল্টা প্রতিক্রিয়া জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি দীর্ঘদিন উন্মুক্ত রাখা হবে না এবং জাহাজ চলাচল ইরানের অনুমোদন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রণালিটিতে নতুন করে অবরোধ জারি করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।