জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেছেন, দেশের প্রায় সব রাজনৈতিক দলই এখন ‘চেতনার ধান্দাবাজি ও চান্দাবাজির’ রাজনীতিতে জড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কালের কন্ঠ মাল্টিমিডিয়ার এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, চেতনার ধান্দাবাজি আর চান্দাবাজি — এই রাজনীতির মধ্যেই এখন সবাই জড়িয়ে গেছে। এই চান্দাবাজির অভিযোগ তুলেই ড. রেজা কিবরিয়া নুরুল হক নুরের দল থেকে সরে গিয়েছিলেন। কিন্তু তার দল কি এখন এসব থেকে মুক্ত? বিএনপি, এনসিপি বা জামায়াত—কেউই মুক্ত নয়।
তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক হলো, নতুন বাংলাদেশে সংস্কারের জন্য যে বড় সুযোগ তৈরি হয়েছিল, সেটা কাজে লাগানো যাচ্ছে না। স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্র প্রথমবারের মতো এমন সুযোগ পেয়েছিল, কিন্তু আমরা সেই আলোকময়তা ধরে রাখতে পারিনি।
স্বাধীনতার পরবর্তী সময়ে আবেগ ও বাস্তবতার ফারাক প্রসঙ্গে তিনি বলেন, ৭১ সালে আবেগ থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু সেই আবেগের যৌক্তিকতা আমরা তৈরি করতে পারিনি। এখন আবার নতুন করে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু অতীতের ঘটনাকে উপেক্ষা করা হচ্ছে।
গণহত্যা প্রসঙ্গে তিনি তুলনামূলক বিশ্লেষণ করে বলেন, যদি ৭ কোটির মধ্যে ৩ লাখ মানুষ ৭১ সালে শহীদ হন, আর এখন ১৮ কোটির মধ্যে সরকারি হিসাবে ৮০০ বা জাতিসংঘের হিসাবে ১৪০০ জন মারা যায় — তাহলে অনুপাতের হিসেবে গল্পটা কী দাঁড়ায়? আমরা তখনকার হত্যাযজ্ঞকে ভুলে যেতে বলি, কিন্তু বর্তমানের ঘটনাকে গণহত্যা বলে চিহ্নিত করি। এক পক্ষ তখন হিরো, অন্য পক্ষ জিরো — এভাবে কি ইতিহাসকে বিভক্ত করা যায়?
ড. রেজওয়ানা বলেন, এখন প্রয়োজন সৎ আত্মসমালোচনা ও রাজনৈতিক সংস্কৃতির পুনর্গঠন। শুধুমাত্র ‘চেতনা’র নামে বিভাজন নয়, বরং সত্যিকারের ন্যায়বিচার ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করাই হওয়া উচিত নতুন প্রজন্মের লক্ষ্য।