দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের এক যুবক। নিহত মুহিবুর রহমান (২৭) সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা এবং মসুদ মিয়ার ছেলে।
গত শুক্রবার (১৭ এপ্রিল) রাশিয়া-এ তার মৃত্যু হলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি পরিবারের কাছে নিশ্চিত হয়।পরিবার সূত্রে জানা যায়, মুহিবুর উচ্চশিক্ষার উদ্দেশ্যে কয়েক বছর আগে রাশিয়ায় যান এবং সেখানে আড়াই বছর পড়াশোনা করেন। পরে দেশে ফিরে কিছুদিন অবস্থান করে আবার রাশিয়ায় যান। সেখানে তিনি সেনাবাহিনীর জন্য রান্নার কাজ করতেন বলে পরিবারকে জানিয়েছিলেন।মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, দালাল চক্রের প্রলোভনে পড়ে তিনি রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেন। তাকে মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।তিনি বলেন, “গত সপ্তাহে একটি বাঙ্কারে অবস্থানকালে ইউক্রেন-এর ড্রোন হামলায় সেটি ধ্বংস হলে ঘটনাস্থলেই আমার ভাই নিহত হন।”
মুহিবুরের মৃত্যুর খবর প্রথমে রাশিয়ায় অবস্থানরত তার সহকর্মী মেহেদী হাসান পরিবারকে জানান।পরিবারের দাবি, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। নিহতের ছোট ভাই বলেন, “আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।”এ বিষয়ে আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মশাহিদ হোসেন ঘটনাটি শোনার কথা নিশ্চিত করেছেন।রাশিয়ায় যুদ্ধের ময়দানে ড্রোন হামলায় নিহত হয়েছেন মৌলভীবাজারের যুবক মুহিবুর; মরদেহ দেশে ফেরানোর দাবি পরিবারের।