পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়। তবে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে স্বস্তি ফিরে এসেছে।সর্বশেষ তথ্যে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।এদিকে, এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরছে।যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনার আশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে, একই সঙ্গে শেয়ারবাজারেও ফিরছে ইতিবাচক ধারা।