বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একইসঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে দেশটি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক আরও জোরদার করতে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
ইরান দূতাবাস জানায়, সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ‘যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকের আগ্রাসনের’ ফলে সৃষ্ট পরিস্থিতিতে নিহত বাংলাদেশি নাগরিকদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করা হয়।
এছাড়া, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলোকে ইতিবাচক হিসেবে দেখছে তেহরান।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দেওয়া হয় এবং এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে ‘ভারসাম্যপূর্ণ’ বলে প্রশংসা করা হয়।
একইসঙ্গে, ইরান দূতাবাস গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন খণ্ডিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।
দূতাবাসের মতে, এ ধরনের তথ্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী।