আরএনবি অনলাইন ডেস্কঃ
মেধানির্ভর, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার আত্মবিশ্বাসী, সৃজনশীল ও জনসেবামুখী জনবল তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে—রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করছে।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে জনপ্রশাসনকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব বাড়াতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।