সোমালিয়া উপকূলের কাছে জলদস্যুদের হাতে একটি তেলবাহী জাহাজ জিম্মি হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা ১১ জন পাকিস্তানি নাবিক বর্তমানে আটকা রয়েছেন বলে জানা গেছে।
শনিবার জিওটিভি নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, ‘অনার-২৫’ নামের জাহাজটি গত ২১ এপ্রিল জলদস্যুদের হামলার শিকার হয় এবং পরে সেটি দখলে নেওয়া হয়।
পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, জিম্মি নাবিকদের নিরাপদ উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ঘটনায় বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নাবিকদের মুক্তির জন্য সোমালিয়া সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালে একই ধরনের ঘটনায় সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ও এর ২৩ নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা। পরে মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় ভারত মহাসাগর এলাকায় জলদস্যুতা আবারও বাড়ছে, যা বৈশ্বিক নৌপরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।