রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীকে মারধর করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল) চারঘাট মডেল থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নির্যাতিত দম্পতি ট্রেন ও বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তারা বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দিনভর বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রি শেষে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে রাত প্রায় ১টার দিকে সরদহ স্টেশনে নামেন।
স্টেশনের পাশে একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারী প্রথমে স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে নিয়ে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
এরপর ওই ব্যক্তিকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয় লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
সরদহ স্টেশনের স্টেশনমাস্টার ইকবাল কবির জানান, গভীর রাতে ঘটনাটি ঘটায় তাৎক্ষণিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।