রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৬ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল মিঠাপুকুরের একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলা থানাধীন বড়দরগাহ ইউনিয়নের সাহাপাড়া হাজিপুর (মাবিয়াপাড়া) এলাকায় অভিযান চালায়।
অভিযানে মন্টু মিয়া (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে।
অভিযানকালে তার বসতঘরের ভেতর থেকে ঢাকনাবিহীন দুইটি নীল রঙের প্লাস্টিক ড্রামে রাখা চোলাইমদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ৮০ লিটার করে মোট ১৬০ লিটার ওয়াশ জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিন।