পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মো. সিরাজুল ইসলাম।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)। তাদের মধ্যে সানজিদা আক্তার ও ইসমত জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়-এর সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সানজিদা আক্তার রায়সা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অন্যদিকে আয়শা আক্তার অপর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীরা জানিয়েছে, গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়েছিল। পারিবারিক অভিমান ও আবেগের বশবর্তী হয়ে তারা এ সিদ্ধান্ত নেয়। পরে সঙ্গে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গাজীপুরে যায় এবং মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল।
একপর্যায়ে তারা একটি কম্পিউটারের দোকানে গিয়ে সিভি তৈরির জন্য সহযোগিতা চায়। দোকানি তাদের ফোন নম্বর রেখে দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই সূত্র ধরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
ওসি মো. সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া চার শিক্ষার্থী বর্তমানে মৌচাক পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত রোববার (১০ মে) সকালে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন-এর নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় ওই চার স্কুলছাত্রী। পরে পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।