হবিগঞ্জ-সিলেট রুটের বাস চলাচল নিয়ে চলমান উত্তেজনার জেরে আবারও সব রুটে বিরতিহীন বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। এতে হবিগঞ্জ-সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
রোববার (১৭ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে কোনো বাস ছাড়েনি বলে জানা গেছে।
হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী অভিযোগ করেন, মৌলভীবাজার এসএমএস বাস মালিক সমিতির লোকজন হবিগঞ্জের বাস চলাচলে বাধা দিচ্ছে এবং শ্রমিকদের মারধর করেছে। তার দাবি, এর প্রতিবাদেই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ১৪ মে সিলেটের বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল শুরু হয়। তবে শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েকটি বাস আটকে চালক ও স্টাফদের মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় শনিবার মহাসড়ক অবরোধ করে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। পরে জেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে তারা অবরোধ স্থগিত করে। তবে সংকটের সমাধান না হওয়ায় রোববার থেকে আবার বাস চলাচল বন্ধ করা হয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী বলেন, বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে বারবার বাধা দেওয়া হচ্ছে, যা প্রশাসনের নির্দেশনার প্রতি অবজ্ঞার শামিল।
অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রুটে দুই জেলার পরিবহন সমিতির মধ্যে বিরোধ চলছে। এর আগে শেরপুর এলাকায় বাস আটকে মারধরের ঘটনায়ও বাস চলাচল বন্ধ হয়েছিল।
এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দুই পরিবহন সংগঠনের দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে।
হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ জানান, বিষয়টি সমাধানে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।