কুমিল্লার হোমনায় কোরবানির হাটে নিজের পালিত গরুর শিংয়ের গুঁতোয় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সঙ্গে নিজের পালিত একটি গরু ঘাড়মোড়া বাজারে নিয়ে যান আমেনা বেগম। বাজারে নেওয়ার পর হঠাৎ গরুটি ক্ষিপ্ত হয়ে তাকে শিং দিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তারা জেনেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।