পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সোমবার (২৫ মে) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাকিব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। পরিচ্ছন্নতা কর্মীদের শ্রম ও অবদানকে মূল্যায়ন করেই ধারাবাহিকভাবে ঈদ উপহার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কোরবানির ঈদে নগর পরিচ্ছন্ন রাখতে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নগরবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে সিটি করপোরেশনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাকিব হাসান বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমেই নগর পরিচ্ছন্ন থাকে। দিন-রাত কাজ করে তারা নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাঈম হাসান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার পরিচ্ছন্নতা কর্মীদের কাজের উৎসাহ আরও বাড়াবে।
অনুষ্ঠানে রসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেক হাতে পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, টানা দুই ঈদে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
এর আগে গত ১৭ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও একই সংখ্যক পরিচ্ছন্নতা কর্মীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছিল।