রংপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে এ আয়োজন করা হয়।
“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
রংপুরে কর্মসূচিটির আয়োজন করে ওএবি ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি নির্বাচিত দরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রংপুরের নেটওয়ার্ক মেম্বার উজ্জল চক্রবর্তী, সুজন রংপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনম বেনজু, সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার, সোনার তরী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম আতিক এবং বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট এলায়েন্সের বিভাগীয় সমন্বয়ক কামরুল হাসান।
আয়োজকরা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের ৬৪ জেলায় একযোগে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে ১০ লাখের বেশি গাছ রোপণ এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রংপুর বিভাগীয় সমন্বয়ক মো. আজমাইন ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণদের অংশগ্রহণে পরিচালিত এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছে ‘মিশন গ্রিন বাংলাদেশ’। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)সহ বিভিন্ন প্রতিষ্ঠান।