২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিতকরণ, মূল্যবোধ ও নৈতিকতা চর্চা, ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, হজ ব্যবস্থাপনা এবং ধর্মীয় গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মোট ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মোট ৮ হাজার টাকা মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছেন।
প্রস্তাবিত বাজেটে এ খাতে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে এই সম্মানী সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সহজ ও সুশৃঙ্খল করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণের সুযোগ ও লক্ষ্যমাত্রা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, ওয়াকফ সম্পত্তির অবৈধ দখল উচ্ছেদ ও উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ১১টি ওয়াকফ এস্টেটের মোট ২৮ দশমিক ২০ একর জমি উদ্ধার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।