দেশের পাঁচ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। একই সঙ্গে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ট্যুরিস্ট পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ কর্মরত আরও কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নতুন পদায়ন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু সাঈমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম। এ জেলার বর্তমান এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে। বর্তমান এসপি টি এম মোশাররফ হোসেনকে বদলি করে সিআইডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এ জেলার বর্তমান এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) স্থানান্তর করা হয়েছে।
এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন। অন্যদিকে, ফেনীর এসপি হিসেবে পূর্বে আদেশপ্রাপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. রাজীব ফারহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।