রংপুরের বদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খোরশেদ আলম (৫৫) নামে আরও এক কৃষক আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রহমত উল্যাহ, খোরশেদ আলমসহ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান।
বজ্রপাতে গুরুতর আহত হন খোরশেদ আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।