রংপুরের মিঠাপুকুরে দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মুসফিকুর রহমান মোমিনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে র্যাব-১৩ রংপুর এবং র্যাব-১১ নোয়াখালীর যৌথ অভিযানে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুসফিকুর রহমান মোমিন মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে মোমিনসহ কয়েকজনের বিরুদ্ধে। পরিবারের সদস্যরা মেয়েটিকে খুঁজতে অভিযুক্তের বাড়িতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ৭ এপ্রিল সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের একটি বাসা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি মোমিন আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তার অবস্থান শনাক্ত করে নোয়াখালীর সোনাইমুড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।