বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
রোববার (১৪ জুন) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার। তিনি জানান, দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে মুফতি আমির হামজার আত্মসমর্পণের কথা রয়েছে।
এদিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, জোহরের নামাজের পর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন মুফতি আমির হামজা।
মামলার নথি অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এখন আত্মসমর্পণ ও জামিন আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।