খুলনা নগরীতে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে ঢুকে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে মসজিদ কমিটির এক নেতাসহ দুই মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নগরের পশ্চিম কাশীপুর এলাকার বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম শেখ (৫৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আলম শেখও গুলিবিদ্ধ হন। গুলির শব্দে মসজিদে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর উপস্থিত মুসল্লিরা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আলম শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মহানগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, হামলার পেছনে পূর্বশত্রুতার বিষয়টি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কোনো কারণ বলা যাচ্ছে না। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।