২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা আরও বেড়েছে। চোটের কারণে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই ফুটবলার এখনো পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে পারেননি। গত ১৭ মে Santos FC-এর হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন তিনি।
বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি নেইমারের। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও তাকে খেলানো হয়নি। সোমবারও দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি।
ব্রাজিল দলের মেডিকেল বিভাগ তার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বে হাইতি এবং স্কটল্যান্ড-এর বিপক্ষে ম্যাচ দুটিও মিস করবেন তিনি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা চাই সে শতভাগ ফিট হয়ে মাঠে ফিরুক। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ।”
চিকিৎসকরা এখন তাকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছেন। ফলে ব্রাজিলের সমর্থকদের আশা, দল যদি পরের রাউন্ডে ওঠে, তাহলে নেইমারকে আবার মাঠে দেখা যেতে পারে।
বিশ্লেষকদের মতে, নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে। তবে দলের অন্যান্য তারকা খেলোয়াড়দের ওপর ভর করেই গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।