ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় স্পাইসজেটের এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন বাগডোগরা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি ফ্লাইট প্রথমে বিলম্বিত হয়। পরে সেটি বাতিল করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে প্রতিষ্ঠানটির এক কর্মীর তুমুল বাকবিতণ্ডা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সামনে ওই কর্মী ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
স্পাইসজেট এক বিবৃতিতে জানায়, প্রতিকূল আবহাওয়া ও পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে ফ্লাইটটি বাতিল করতে হয়েছিল। বাগডোগরায় খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত উড়োজাহাজটি কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়। পরে সময়সীমা ও পরিচালনাগত জটিলতার কারণে ফ্লাইট বাতিল করা হয়।
প্রতিষ্ঠানটি যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, যাত্রী, ক্রু এবং নিরাপদ ফ্লাইট পরিচালনাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ভিডিওতে দেখা ঘটনাকে গুরুতর হিসেবে নিয়ে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পাইসজেট জানিয়েছে, ওই কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।