পঞ্চগড় সদর উপজেলায় রাস্তার পাশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বলে ধারণা করা একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) গভীর রাতে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিখুড়া এলাকায় অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিক চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময় ধাতব বস্তুটি খুঁজে পান। প্রথমে তারা এটিকে গুপ্তধন বা মূল্যবান কোনো বস্তু মনে করে বাড়িতে নিয়ে যান। পরে পরিষ্কার করার পর সেটি একটি পুরোনো মর্টারশেল বলে সন্দেহ হয়।
বিষয়টি বুঝতে পেরে শ্রমিকরা আতঙ্কিত হয়ে মর্টারশেলটি ঝিটকিখুড়া এলাকার একটি পাকা রাস্তার পাশে ফেলে রেখে চলে যান।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাত পৌনে ১২টার দিকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময় কয়েকজন শ্রমিক বস্তুটি উদ্ধার করেন। প্রথমে তারা এটিকে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে গেলেও পরে এটি মর্টারশেল বলে বুঝতে পেরে রাস্তার পাশে ফেলে রাখেন।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ধারণা, মর্টারশেলটি অনেক পুরোনো এবং সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কোনো অস্ত্রের অংশ। তবে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।