মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সামাজিক মাধ্যমে
মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আহত অবস্থার একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া পোস্টে জোভান জানান, কয়েকদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে বাইক দুর্ঘটনায় পড়েন তিনি। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে উল্লেখ করেন এই অভিনেতা।
পোস্টে তিনি লিখেছেন, “কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।”
দুর্ঘটনা থেকে পাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে জোভান বলেন, অনেক সময় চালকরা মনে করেন তারা ভালো চালান বা একটু বেশি গতিতে গেলেও সমস্যা হবে না। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে এবং কার সঙ্গে ঘটবে তা আগে থেকে জানা সম্ভব নয়।
তিনি আরও লিখেছেন, “কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”
ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশে অভিনেতা জোভান পরামর্শ দেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।
তার ভাষায়, “আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এদিকে জোভানের দুর্ঘটনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেকেই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে প্রিয় অভিনেতার সুস্থ হয়ে কাজে ফেরার প্রত্যাশা জানিয়েছেন।