দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা এবং প্রয়াত চিকিৎসক নিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তাকে পায়ের রগ কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
ওসি মিজানুর রহমান জানান, নিহতের সাবেক স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর কোতোয়ালি থানার মাধ্যমে ওই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।