রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে সাময়িক অব্যাহতি

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর উপজেলা বিএনপি তার কাছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠায় এবং অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

শনিবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সাইদুল ইসলামকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল বলেন, মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। তার সঙ্গে দলীয় কর্মকাণ্ডে কেউ সম্পৃক্ত হলে সেটি ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম বলেন, ভিডিওটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তে অধিকাংশ মানুষ তার পক্ষে বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাইদুল ইসলামকে মাদক সেবন করতে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com