দেশের টিকাদান কর্মসূচি ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহে বিদ্যমান সংকটের জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (২১ জুন) সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সংকটের কারণ সরকারের কাছে স্পষ্ট। তাই এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই।
তিনি জানান, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে ২০২৪ সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সময়মতো ভ্যাকসিন এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ড. জিয়াউদ্দিন আরও বলেন, অপারেশনাল প্ল্যান (ওপি) পদ্ধতি বাতিল করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তের ফলে অর্থপ্রবাহে জটিলতা সৃষ্টি হয়। দ্রুত অনুমোদনের আশায় এই পরিবর্তন আনা হলেও বাস্তবে অনেক ডিপিপির প্রস্তুতি, কারিগরি অনুমোদন এবং প্রকল্প কার্যালয় গঠনে দীর্ঘ সময় লেগেছে।
তার ভাষ্য অনুযায়ী, পুরোনো অর্থায়ন বন্ধ হয়ে গেলেও নতুন অর্থায়ন সময়মতো চালু না হওয়ায় প্রয়োজনীয় পণ্য সংগ্রহে দীর্ঘসূত্রতা তৈরি হয়। এর প্রভাব পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর সরবরাহেও পড়েছে।
সংকট কাটাতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে Copenhagen সফরে রয়েছেন। সেখানে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহের বিষয়ে আলোচনা করবেন, যাতে দ্রুত ঘাটতি পূরণ করা সম্ভব হয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের চলমান উদ্যোগের ফলে টিকা ও পরিবার পরিকল্পনা সামগ্রীর সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।