মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লালগালিচা সংবর্ধনা
সবশেষ আপডেট :
রবিবার, ২১ জুন, ২০২৬
৩
জন সংবাদটি দেখেছেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে অবতরণ করে।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী Zulkifli Hasan ও তার সহধর্মিণী। এ সময় শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানায়।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা।
পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের Shangri-La Kuala Lumpur হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানাবেন।
সফরের দ্বিতীয় দিনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা।
এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।