ছুরিকাঘাতে শিবির নেতা নিহত, যুবদলের মুকুল বহিষ্কার
সবশেষ আপডেট :
সোমবার, ২২ জুন, ২০২৬
৫৩
জন সংবাদটি দেখেছেন
গাইবান্ধার সাঘাটায় ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতা নিহত হওয়ার ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
রোববার (২১ জুন) রাতে জেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না। বরং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।”
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে যুবদল নেতা মুকুলের কথা কাটাকাটি হয়।
এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও শিবির কর্মী সালাউদ্দিন প্রতিবাদ জানালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সবাই স্থান ত্যাগ করেন।
অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থানকালে সাইফুল্লাহ ও সালাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। হামলায় সালাউদ্দিন গুরুতর আহত হন এবং সাইফুল্লাহ বারী ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।