প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন আর নেই। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। তবে অবস্থার অবনতি হলে তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর কবির হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে তার পরিচয় ও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলা হলে বিষয়টি নিয়ে তদন্ত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হলে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে ঘোষণা করা হবে।