আগামী শনিবার পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে একটি বিশাল গ্রহাণু। তবে এটি পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে না বলে জানিয়েছে European Space Agency।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ‘(152637) 1997 NC1’ নামের গ্রহাণুটি গ্রিনিচ সময় শনিবার সকাল ১১টা ১৪ মিনিটে পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটার দূরত্ব দিয়ে অতিক্রম করবে।
এই দূরত্ব পৃথিবী ও চাঁদের গড় দূরত্বের প্রায় ছয় গুণেরও বেশি। ফলে গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো আশঙ্কা নেই।
১৯৯৭ সালে আবিষ্কৃত গ্রহাণুটির সম্ভাব্য প্রস্থ ৭৫০ মিটার থেকে ১ হাজার ৬৫০ মিটারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূর্যালোক প্রতিফলনের মাত্রা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ হিসাব করেছেন। তবে কিছু গবেষণায় এর আকার তুলনামূলকভাবে ছোট হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
ইএসএর তথ্য অনুযায়ী, গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার গতিতে মহাকাশে চলাচল করবে।
ইএসএর প্ল্যানেটারি ডিফেন্স অফিসের কর্মকর্তা Juan Luis Cano বলেন, এ ধরনের বড় আকারের কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীর এত কাছ দিয়ে অতিক্রম করার ঘটনা সাধারণত কয়েক বছর পরপর দেখা যায়। তবে আকাশে উজ্জ্বল চাঁদের উপস্থিতির কারণে গ্রহাণুটি পর্যবেক্ষণে কিছুটা অসুবিধা হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পৃথিবীর দিকে এগিয়ে আসার সময় গ্রহাণুটি উত্তর গোলার্ধের বিভিন্ন এলাকা থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছালে বিশ্বের অধিকাংশ অঞ্চল থেকেই এটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এটি দূরে সরে যেতে শুরু করলে মূলত দক্ষিণ গোলার্ধের আকাশে দৃশ্যমান থাকবে।
তবে গ্রহাণুটি দেখা যাবে কি না, তা স্থানীয় আবহাওয়া, আকাশের স্বচ্ছতা এবং পর্যবেক্ষণ যন্ত্রের সক্ষমতার ওপর নির্ভর করবে। আকাশ পরিষ্কার থাকলে দূরবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী বাইনোকুলারের সাহায্যে এটি পর্যবেক্ষণ করা যেতে পারে।