ভাই হত্যার প্রতিবাদে দুধ দিয়ে গোসল, বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা
সবশেষ আপডেট :
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
৪৮
জন সংবাদটি দেখেছেন
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে ভাই হত্যার প্রতিবাদে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তোতা মিয়া নামে এক কর্মী।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নিহত বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর ফুফাতো ভাই তোতা মিয়া দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
গত ২১ জুন প্রকাশ্যে ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ ওঠায় রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তোতা মিয়া। অতীতের রাজনৈতিক সম্পৃক্ততা থেকে নিজেকে ‘মুক্ত’ ও ‘পবিত্র’ করার প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন।
এ সময় সেখানে স্থানীয়দের ভিড় জমে। উপস্থিত সবার সামনে তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে আর কখনো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না। সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবেন বলেও জানান তিনি।
একই সঙ্গে ফুফাতো ভাই সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তোতা মিয়া।
এদিকে, তার এই ব্যতিক্রমী প্রতিবাদের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।